হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
সুনামগঞ্জের মধ্য নগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান মিয়া (২০) শালীয়ানী গ্রামের চানপর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমিতে পানি আটকে ধান তলিয়ে যেতে থাকে।
ফলে ধান রক্ষায় রোববার শৌলডুয়ারী বাঁধ কেটে দিতে যান কৃষকরা। এসময় বাঁধ নিচ থেকে কাটতে শুরু করলে হঠাৎ বাঁধের একটি অংশের মাটি ধসে আরমান চাপা পড়েন।
পরে দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা করে আরমানকে স্থানীয়রা মাটির নিচ থেকে বের করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, ‘বাঁধে মাটি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিলো না।’