হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলার শিকার ইসরায়েলি সেনাদল
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের ইর’অন বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে।
এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। লেবানন কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত মাসে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ২০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু এবং ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী রয়েছেন। এছাড়া গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৬ জন আহত হয়েছে।
অপরদিকে ঘণ্টার পর ঘণ্টা শ্বাসরুদ্ধকর আলোচনা এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার পরও ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে পারেনি। ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধি দল। খবর : আল জাজিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164852