বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি জানার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর দুঃখ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পরপরই বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান।