কৃষি ও মৎস্য উৎপাদনে খাল খনন অপরিহার্য কর্মসূচি : হুইপ রফিকুল ইসলাম খান

কৃষি ও মৎস্য উৎপাদনে খাল খনন অপরিহার্য কর্মসূচি : হুইপ রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপিসি কর্মসূচির আওতায় আজ শনিবার (১১ এপ্রিল) সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের ভাগলপুরে খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন অপরিহার্য কর্মকাণ্ড।

খাল খনন কর্মসূচির বিষয়ে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।  নির্বাচিত হওয়ার আগেই এ এলাকার মানুষের দাবি ছিল খাল খনন চালু করার জন্য। যার প্রেক্ষিতে উপজেলার কয়ড়া ইউনিয়নেই প্রথম খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হল। খাল খননের তার ও প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। এই খাল খনন সম্পন্ন হলে উপজেলার দুর্গানগর, উল্লাপাড়া সদর ও কয়ড়া ইউনিয়নের মানতালা, মাদারবাড়ীয়া, রুপারখাপাল, ভদ্রকোল ও ভাগলপুর এলাকার ৫টি বিলের ২০ হাজার একর জমির জলাবদ্ধতা দূর হবে।

যার প্রেক্ষিতে ওই সব জমিতে বছরে ৩ বার ফসল ফলানো সম্ভব হবে। আর এতে এলাকার কৃষকগণ যেমন উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিতেও এই খাল ভূমিকা রাখবে বলে তিনি জানান। এমপি রফিকুল ইসলাম খান খাল খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামানা করেন।

উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুর বারী, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164812