ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় ১ লাখ ৫৫ হাজার টাকা হেরে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় ১ লাখ ৫৫ হাজার টাকা হেরে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়ায় অনলাইন জুয়ায় টাকা হেরে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত মনির হোসেন(৩০) পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা তুলে বেট জিলি নামের অনলাইন জুয়ার সাইটে খেলতে গিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

জানা যায়, গত বুধবার রাতে স্বামী মনির হোসেন শাশুড়ির সোনালী ব্যাংকের ঠাকুরগাঁও সুগার মিল শাখার অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড়িতে ফিরলে তার মুখে চিন্তার ছাপ দেখা যায়। পরদিন গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেট জিলি ওয়েবসাইটে জুয়া খেলে তিনি মোট ১ লাখ ৫৫ হাজার টাকা হারান।

টাকা হারানোর শোকে সকাল আনুমানিক সাড়ে ১০টায় তিনি ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। কিছুক্ষণ পর স্ত্রী আলফি(২০) দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের সবাইকে ডাকেন। পাশের ঘর থেকে দেবর মো: মানিক সিলিং টপকে ঘরে ঢুকে দেখেন মনির হোসেন বৈদ্যুতিক ফ্যানের সাথে দু’টি গামছা জোড়া লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।

পরিবারের সদস্যরা তাকে নামিয়ে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, নিহতের স্ত্রী থানায় লিখিত আবেদন দিয়েছেন।

প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা বিষয়টি সে অনুযায়ী প্রক্রিয়াধীন রেখেছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164809