বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ এ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ এ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল জামিলনগরস্থ করতোয়া অডিটোরিয়ামে।

ওই প্রতিষ্ঠান ক্যাম্পাসে ‘তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল’ গানটির সঙ্গে শিক্ষার্থীদের দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক।

এর পরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। মূল আয়োজনের আগেই অনুষ্ঠানস্থল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। প্রায় হাজার আসনের মিলনায়তনটিতে যেনো তিল ধারণের জায়গা ছিল না। এবারের অনুষ্ঠানটিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে ছিল-অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং শেষে ছিল-জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানের শুরুতে জায়ান্ট স্কিনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হকের ওপর নির্মাণকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়। এরপর চেয়ারম্যানকে নিয়ে আঁকা একটি পোট্রেট ওই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সার্থক পাল মোজাম্মেল হকের হাতে তুলে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য তাসলিমা হক রাকা। শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকার, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের জীবনীর অনুপ্রেরণামূলক কিছু কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন।

পরিচালনা পর্ষদের সদস্য তাসলিমা হক রাকা তার বক্তব্যে বলেন, জলেশ্বরীতলার একটি ভাড়া করা বাসার দুই-তিনটি কক্ষ এবং ৫-৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরুর সেই শিক্ষার্থীদের মধ্যে তিনিও একজন ছিলেন। এজন্য আজ তিনি গর্ববোধ করেন। সেই সময়ের কিছু স্মৃতিচারণ করে তিনি, মোজাম্মেল হকের জীবনীর ওপর প্রদর্শিত প্রামাণ্যচিত্রের ওপর শিক্ষার্থীদের কুইজ ধরেন। কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার নেয় ৯ম শ্রেণির শিক্ষার্থী মমতা এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী আতিয়া আয়াত।

অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-এসএসসি পরীক্ষার্থী মার্জিয়া সাবরিন ও আয়েশা সিদ্দিকা। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষা করি। কারণ প্রতি বছর এই আয়োজন থেকে অতিথি হিসেবে যারা থাকেন তাদের বক্তব্য থেকে আমরা নতুন নতুন অনুপ্রেরণা পাই।

তবে স্কুলের বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারই প্রথম চেয়ারম্যানের জীবনের ওপর প্রামান্যচিত্র দেখলাম, যা দেখে আমরা নিজেরা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি অনুপ্রাণিত হলাম। তারা আরও বলেন, ছোটবেলা থেকে আমরা এই স্কুলে পড়ে আসছি। তাই আমাদের কাছে এই প্রতিষ্ঠান যতটা বিদ্যাপীঠ তার চেয়ে বেশি পরিবার মনে হয়েছে। তাই আমরা যত বড় হই না কেনো এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবেই প্রতিনিধিত্ব করবো।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক শিক্ষার্থীদের বলেন, সময়ানুবর্তিতা একটি মানুষের উপরে ওঠার প্রথম ভিত্তি। যে মানুষ যত বেশি সময়ানুবর্তি ও পরিশ্রমী হবেন-তার উপরে ওঠার সিঁড়ি তত মজবুত হবে। তাই তোমাদের যেমন পরিশ্রমী হতে হবে, তেমন সময়কেও গুরুত্ব দিতে হবে। এছাড়া মানুষের উপকার করতে হবে। কারণ, তোমার একটি কাজে যদি কেউ উপকৃত হন এর ফল একদিন না একদিন আসবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ছোটবেলা থেকে সঠিক গাইড পেলে একদিন সে সঠিক জায়গায় পৌঁছবে এবং নেতৃত্ব দিতে পারবে। করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের একজন অভিভাবক হিসেবে আমি নিজে সেই চেষ্টা করি এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিও আমার এই আশা যে, তারাও শিক্ষার্থীদের সঠিক গাইড দেবেন।

শুভেচ্ছা বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় মঞ্চে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও চেয়ারম্যান পত্নী মহসিনা হাসনাত, চৌধুরী খালেকুজ্জামান বাবু প্রমুখ।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের শুভেচ্ছা ব্যাচ পড়ানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেন, সঙ্গীত শিক্ষক আরিফা সুলতানা শিখা এবং নৃত্য পরিচালনা করেন, নৃত্য শিক্ষক ইমরান হোসেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলার প্রভাষক হাবিবা সুলতানা এবং ইংরেজির প্রভাষক শিবাশিষ কুমার পাল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164805