ছেলেকে খুঁজে পেতে কিংবদন্তী নায়িকা নাসিমা খানের অনুরোধ
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা নাসিমা খান তার ছোট ছেলে কুশল’কে আজ থেকে দুই মাস আগে তার বর্তমান আবাসস্থল সাভারের নবীনগর এলাকা থেকে হারিয়ে ফেলেছেন।
বিগত দুই মাসে নাসিমা খান বিভিন্ন জনের মাধ্যমে নবীনগর ও তার আশেপাশের এলাকায় নানান ভাবে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছেন, এমন কী সংশ্লিষ্ট থানার কাছেও সহযোগিতা চেয়েছেন, কিন্তু আজ অবধি তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তাই নাসিমা খান, ভীষন কষ্ট থেকে আবারো সংবাদ মাধ্যমের স্মরনাপন্ন হয়েছেন যেন তার সিজোফ্রেনিয়ায় ভুগতে থাকা ছোট ছেলেটি’র খোঁজ কেউ না কেউ দিতে পারেন।
নাসিমা খান বলেন,‘ বিগত দুই মাসে কতো কতো জায়গায় যে আমার আদরের কুশলকে খুঁজেছি তা বলে শেষ করা যাবেনা। নবীনগর এবং তার আশেপাশের সব জায়গায় খোঁজা হয়েছে। আমার নিজের লোকেরা খুঁজেছে। পুলিশের সহযোগিতাও চেয়েছি। কিন্তু এই বিষয়ে আসলে আমি কিছুই বলতে চাইনা। বিগত দুই মাসে আমার কোনো ঘুম নেই, কুশলের চেহারাটাই বার বার ভেসে উঠে চোখে, শুধু কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি যে, আমি তো জীবনে আল্লাহর কাছে কখনো তেমন কিছুই চাইনি। এই প্রথমবার আল্লাহর কাছে মোনাজাত করে চাইছি-আল্লাহ যেন আমার কুশলকে আমার কাছে ফিরিয়ে দেন। ফিরে পেলে আর কোনোদিন তাকে চোখের আড়াল হতে দেবোনা। এই দেশের মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যদি কখনো কোথাও আমার ছেলেকে কেউ দেখেন বা কোনো খোঁজ পান তাহলে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন।’
ঢাকায় জন্মনেয়া নাসিমা খানের বর্তমান বয়স ৭৬/৭৭। তার গ্রামের বাড়ি বিক্রমপুরে। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘যে নদী মরুপথে’,‘ ধারাপাত’,‘ সূর্যস্নান’,‘ কার বউ’,‘ নাচঘর’,‘দুই ভাই’,‘ ঢেউ এর পরে ঢেউ’ , ‘নতিাজ’,‘ আম্মা’ এবং উর্দু সিনেমার মধ্যে রয়েছে ‘গীত কাহি সঙ্গীত কাহি’,‘ তানহা’,‘ আযান’,‘ উজালা’,‘ বেগানা’,‘ পরওয়ানা’,‘ ইত্যাদি।
নাসিমা খান সিনেমাতে অভিনয়ের পাশাপাশি একসময় নাটকেও অভিনয় করতেন। যেহেতু পুরান ঢাকার বাসিন্দা তিনি। তাই সাধারনত ঢাকাইয়া ভাষার নাটকগুলোতেই তাকে অভিনয়ে দেখা গেছে। অভিনযের জন্য কখনো তিনি কখনো কোনো রাষ্ট্রীয় সম্মাননা পাননি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164799