জয়পুরহাটের ক্ষেতলালে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী গ্রেফতার, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রী আশুরাকে (৪৫) দিনভর নিজের সঙ্গে রাখার পর হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে সাবেক স্বামী বাবলু মন্ডলের বিরুদ্ধে।
আজ শনিবার (১১ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন হিসেবে বাবলু মন্ডলকে এদিন সকাল ৯টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপের ঘর থেকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটিদাশরা মৌজার সোতার গুচ্ছগ্রামসংলগ্ন রেজাউল ইসলামের বোরো ধানক্ষেতে আশুরা নামে এক নারীকে হত্যা করে তার মরদেহ পুঁতে রাখার চেষ্টা করে ঘাতক স্বামী বাবলু মন্ডল।
পরে ওই গভীর নলকূপের ড্রেনম্যান আব্দুস সালাম বিষয়টি বুজতে পেরে স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দিলে ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং বাবলু মন্ডলের তালাকপ্রাপ্ত স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, বাবলুর তিন স্ত্রীর মধ্যে আশুরা তৃতীয়। কিছুদিন আগে বিয়ে বিচ্ছেদের পর স্বামী বাবলু মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেন আশুরা, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য তুষার হোসেন বলেন, আশুরা বেগম বাবলু মন্ডলের তৃতীয় স্ত্রী। স্ত্রীকে তালাক দেওয়ার পরও ঘটনার দিন বাবলু ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওই দিন বাড়ির পাশের সোতার পুকুর আদর্শগ্রাম থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেজাউলের ধানক্ষেতে আশুরাকে হত্যা করে পুঁতে রাখার চেষ্টা করছিল বলে ধারনা করা হচ্ছে। এমন সময় বিষয়টি জানাজানি হলে বাবলু মন্ডল পাশের অগভীর নলকূপের ঘরে আশ্রয় নেয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় বাবলু মন্ডলকে পুলিশ গ্রেফতার করে। মরদেহ উদ্ধারের সময় নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বামী বাবলুকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164780