কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোচালক নিহত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে একটি ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন(৪২) নামে এক অটোচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উলিপুর ডক্টরস ক্লিনিক সংলগ্ন (কুড়িগ্রাম-চিলমারী) সড়কে এ দুর্ঘটনা ঘটে। নুর আমিন উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা তেলীপাড়া এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে। আহতরা হলেন, অটো যাত্রী- রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় একটি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164775