নিরাপত্তার কারণে দুর্নীতি মামলার শুনানি পেছাতে চায় নেতানিয়াহু

নিরাপত্তার কারণে দুর্নীতি মামলার শুনানি পেছাতে চায় নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। ‘নিরাপত্তাজনিত উদ্বেগের’ কথা উল্লেখ করে শুক্রবার (১০ এপ্রিল) আদালতে তার পক্ষে এই আবেদন দাখিল করে এক আইনজীবী।

আগামী রোববার (১২ এপ্রিল) নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার শুনানি পুনরায় শুরু হওয়ার কথা ছিল। গত বুধবার (৮ এপ্রিল) ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে জারিকৃত জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানির পথ খুলে যায়। নেতানিয়াহুর আবেদনে বলা হয়, ‘নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রধানমন্ত্রী আগামী অন্তত দুই সপ্তাহ  সাক্ষ্য দিতে পারবে না।’ এতে আরও বলা হয়, গোপনীয় কারণগুলোর বিস্তারিত উল্লেখ করে একটি সিলমোহরযুক্ত খাম আদালতে জমা দেয়া হয়েছে। প্রসিকিউশন তাদের জবাব দেয়ার পর আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ইসরায়েলের ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে নেতানিয়াহু। ২০১৯ সালে তার বিরুদ্ধে আনা ঘুষ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সে। ২০২০ সালে শুরু হওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া বিভিন্ন কারণে বারবার বিলম্বিত হয়েছে। একের পর এক যুদ্ধবিগ্রহের অজুহাতে সে বারবার শুনানির দিনক্ষণ পেছানোর আবেদন করেছে।

এদিকে এই মামলার ইস্যুতে নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চাপপ্রয়োগ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে ইসরায়েলের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগও করেছে হারজগ। সূত্র : প্রেস টিভি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164716