সাকিবকে ফেরাতে যে শর্ত দিলেন বাশার
স্পোর্টস ডেস্ক : আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে দল নির্বাচন ও বিশ্বকাপ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে বিসিবির বর্তমান অবস্থান ও পরিকল্পনার কথা খোলাসা করেছেন প্রধান নির্বাচক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আদৌ আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই।
এর মধ্যেই সাকিবকে নিয়ে আজ প্রধান নির্বাচক বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’ জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য বন্ধ হয়ে যায়নি। তবে দলে ফিরতে হলে তাকে বেশকিছু বিষয়ের প্রমাণ দিতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাশার। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে প্রস্তুতির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি।
প্রধান নির্বাচক স্পষ্টভাবে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’
বিসিবির মূল লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৬-৭ মাসের মধ্যেই বিশ্বকাপের দল থিতু করতে চায় ম্যানেজমেন্ট। তাই সাকিবের ফেরাটাও নির্ভর করছে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর। বাশার বলেন, ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের নির্দিষ্ট প্ল্যান আছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164713