রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের'এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের'এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী একাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজসহ (অস্থায়ী একাডেমিক ভবন-১) মোট ৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ-ইউনিটে মোট ৫১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৭৯.৩৪ শতাংশ।

পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়। যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যুৎ অফিসসহ শাহজাদপুরের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে ২৭ মার্চ 'সি-ইউনিটের' এবং ৩ এপ্রিল 'বি-ইউনিটের' ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164660