জয়পুরহাটের কালাইয়ে তেলসহ দুই কালোবাজারি আটক, ২০ লিটার জব্দ, ৬০ লিটার লুট

জয়পুরহাটের কালাইয়ে তেলসহ দুই কালোবাজারি আটক, ২০ লিটার জব্দ, ৬০ লিটার লুট

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে মজুদের পর ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে জনতা। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারের অদুরে বিয়ালা-মাত্রাই সড়কে ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটার তেল লুট হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় জনতার হাতে আটক দুইজনকে তেলসহ একটি প্লাস্টিকের জারকিন পুলিশ উদ্ধার করেছে।

আটককৃতরা হলো, জেলার কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং একই উপজেলার হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)। জনতা ও ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে আটককৃতরা একটি নীল রং এর প্লাস্টিকের জার্কিনে করে প্রায় ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য ব্যাটারি চালিত একটি ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল।

এ সময় তাদের সাথে ওই জার্কিন দেখে সন্দেহ হলে জনতা ওই ভ্যানের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে জার্কিনের মুখ খুলে দেখতে পায় অবৈধভাবে সংগ্রহকৃত মজুদ তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় উত্তেজিত জনতা তাদের দুইজনকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। এদিকে আটক ওই জার্কিনে থাকা ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটারের মত তেল লুট করে নিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক দুইজনসহ তেলের জার্কিন উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে তাদের উপস্থিত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের এক বছরের কারাদন্ডের আদেশ দেন। সেইসাথে উদ্ধারকৃত জ্বালানি পেট্রোল কন্টেইনারসহ ওজন ২০ কেজি জব্দ করেন।

ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, উত্তেজিত জনতা দুইজনকে আটক করেছে, তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164652