বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার তৃণমূল থেকে মানসম্মত ও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন এক সাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি। তাদের যৌথ আয়োজনে আগামি ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপি ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইন’।

এই উদ্যোগের প্রস্তুতি ও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শেরপুর সরকারি ডি. জে. সরকারি মডেল হাইস্কুল মাঠ পরিদর্শন করেন এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মুক্তাদির। মাঠ পরিদর্শন শেষে তারা ক্যাম্পেইনের কারিগরি দিক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইন চলবে। এর মাধ্যমে মূলত অনূর্ধ্ব-১৬ (১৬ বছরের নিচে) বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হবে। বাছাইকৃত ক্রিকেটারদের জন্য থাকবে দুই বছর মেয়াদি উন্নত ও আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি। এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার আসিফ সিরাজ রব্বানীর ব্যক্তিগত ‘ক্রীড়া বৃত্তি’-র মাধ্যমে বহন করা হবে।

পরিদর্শনকালে প্রধান উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী বলেন, আমাদের শেরপুর-ধুনট অঞ্চলে অনেক মেধাবী তরুণ রয়েছে যাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাব। আমরা চাই এই ক্যাম্পেইনের মাধ্যমে এমন কিছু প্রতিভা খুঁজে বের করতে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতেও বড় ভূমিকা পালন করবে।

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মুক্তাদির বলেন, পেশাদার ক্রিকেটের পথে এগিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ খুবই জরুরি। আমরা এখানে মানসম্মত কোচদের মাধ্যমে খেলোয়াড় বাছাই করব এবং তাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের দায়িত্ব নেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশীদ আপেল, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্চাসেবকদল নেতা কাউসার কলিন্স, হাফিজুল আসিফ শাওন, মহিলা নেত্রী সুইটি আক্তার মিষ্টি ও বিলকিছ, ক্রিকেট উদ্যোক্তা সঞ্জয় কর্মকার অঞ্জন, রেজাউল ইসলাম স্বাধীন, নাজমুল হাসান লাম, আহসান হাবিব কানন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164651