বুড়িমারী সীমান্ত থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

বুড়িমারী সীমান্ত থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার ৮৩৭/১ এস সীমান্ত পিলারের কাছের একটি ফসলি জমি থেকে এটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বামনদল গ্রামের এক ব্যক্তি জমিতে কাজ করার সময় মাটির নিচে পুরাতন মর্টার শেলটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন।

পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এটি ধ্বংস করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164582