রংপুরে মাদক ব্যবসায়ীর দায়ের কোপে যুবদল নেতা রাকিব নিহত

রংপুরে মাদক ব্যবসায়ীর দায়ের কোপে যুবদল নেতা রাকিব নিহত

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীতে মাদক বিরোধী অবস্থানের জেরে মাদক ব্যবসায়ীর দায়ের কোপে রাকিব হাসান নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত রাকিব হাসান রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের মা নূরী বেগম সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ী মমিনের সাথে তার ছেলে রাকিবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, ‘আমার ছেলে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মমিনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়।

গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মমিন রিকশাযোগে মাছুয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় রাকিবকে দেখতে পেয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে দা বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ‘মাদক ব্যবসায়ী মমিনের বিরুদ্ধে রাকিবকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164571