চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলায় মো. আবদুল্লাহ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আবদুল্লাহ নেজামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলকেশর গ্রামের মো. রাসেলের ছেলে এবং স্থানীয় কাজলকেশর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টায় বাড়িতে বাবা-মা’র অনুপস্থিতিতে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয় আবদুল্লাহ। প্রতিবেশিরা ঘটনাটি টের পেয়ে দরজা খুলে তাকে জীবিত অবস্থায় নামনোর পর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আবদুল্লাহ মায়ের কাছে জুতা কেনার জন্য টাকা চায়। টাকা দিতে বিলম্ব হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164569