গাইবান্ধার সাঘাটায় তিন ইটভাটায় জরিমানা সাড়ে ১২ লাখ টাকা, বন্ধের নির্দেশ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে সংশ্লিষ্ট ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স বি এম কেÑ২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এসব জরিমানার অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অবৈধ ইটভাটার কারণে বায়ু দূষণ বাড়ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164554