প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।'

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের চর্চা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন।

দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত প্রতিনিধিদল বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির ওপরও তারা ঐকমত্য পোষণ করেন। এ সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164531