বগুড়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বগুড়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

মফস্বল ডেস্ক : বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।

ভোট চলাকালে জামায়াত প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা তুললেও আবিদুর রহমান সোহেল ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার কথা জানান।

 বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।
 
১৫০টি কেন্দ্রে বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
 
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ ও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164514