অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ

উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরও তিনি জানিয়েছেন, দেশের প্রয়োজনে ডাক এলে ফিরতে প্রস্তুত আছেন।

 

সম্প্রতি উরুগুইয়ান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সি ফরোয়ার্ড বলেন, ‘জাতীয় দল সবসময়ই আপনার চাওয়া। এখন আপনি বিষয়টি নিয়ে ভাবেন, বিশেষ করে বিশ্বকাপ সামনে থাকলে- যদি তারা আপনাকে প্রয়োজন মনে করে, তখন কী করবেন? আমি কখনোই আমার দেশকে ‘না’ বলব না।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিতে এবং মনে হয়েছিল দলের জন্য হয়তো আর তেমন কাজে আসছি না। কিন্তু যদি তারা আমাকে চায়, আমি কখনোই না বলব না। যতদিন খেলছি, ততদিন জাতীয় দলের জন্য প্রস্তুত আছি।’

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলকে বিদায় জানান সুয়ারেজ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে তিনি উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবসর নেন। তবে অবসরের সিদ্ধান্তটি সহজ ছিল না বলেও জানান এই তারকা ফরোয়ার্ড। তার ভাষায়, জাতীয় দল ছেড়ে দেওয়ার পর ফুটবলের প্রতি আগের মতো আগ্রহ কিছুটা কমে গেছে।

বর্তমানে সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ক্লাব ফুটবলে মনোযোগ ধরে রেখেছেন। সম্প্রতি মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচে চলতি মৌসুমে নিজের প্রথম গোলটি করেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164501