সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
সারাদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মনির হোসেন জানান, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এছাড়া অভিযানে ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গত ৭ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২ টি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩ হাজার ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164485