ময়মনসিংহ মেডিক্যালে হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, ১৭ মার্চ নেত্রকোনা থেকে তিন মাস মাস বয়সী একটি মেয়েশিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গতকাল বুধবার (৮ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নয় মাস বয়সী আরেক শিশু ময়মনসিংহের ত্রিশাল থেকে ১৮ মার্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বুধবার দুপুরে শিশুটির মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৭৬ জন শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে।