শেরপুর–৩ আসনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

শেরপুর–৩ আসনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

আজ বৃহস্পতিবার (৯এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন অনিয়ম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করা হবে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164466