বগুড়া মম ইন-এ নক্ষত্রের মেলা, রুনা-সাবিনাসহ একঝাঁক তারকা
স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু বগুড়ায় প্রথমবারের মতো বসেছিল দেশের সংগীত জগতের সবচেয়ে বড় আসর ‘টিএমএসএস চ্যানেল আই মিউিজক অ্যাওয়ার্ডস ২০২৫’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার বিলাসবহুল পাঁচতারকা হোটেল ও রিসোর্ট মম ইন এর উন্মুক্ত প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০তম এই আসরটি সম্পন্ন হয়েছে। টিএমএসএস-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মিলনমেলা ঘটেছিল দেশের কিংবদন্তি ও বর্তমান প্রজন্মের সঙ্গীত জগতের শীর্ষ তারকাদের।
কিংবদন্তি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, রফিকুল ইসলাম, শওকত হায়াত খান বর্তমান প্রজন্মের সিঁথি, মাহতিম শাকিব, এনজেল নূর, ইমরান, কোনাল, লুইপাসহ নবীন-প্রবীণ নক্ষত্রদের মিলনমেলা। শুধু সঙ্গীত অঙ্গনেরই নয়, মিউজিক অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানে আরও এসেছিলেন চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শিল্পীরাও। কিংবদন্তিদের উপস্থিতিতে পুরো মম ইন ক্যাম্পাস যেন এক টুকরো নক্ষত্ররাজিতে পরিণত হয়েছিল।
প্রথম বারের মত ঢাকার বাইরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ায় হলো এই আয়োজন। সকাল থেকেই বগুড়া শহরজুড়ে উৎসবের আমেজ। সন্ধ্যা ৭টার পর অনুষ্ঠান শুরু হলেও বিকেল ৪টা থেকে মম-ইন প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথিদের আগমন ঘটতে থাকে। ব্যান্ড পার্টির বাজনা, রঙিন ব্যানার-ফেস্টুন আর তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে চারপাশ। বিকেল গড়াতেই ভেন্যুতে ভিড় বাড়ে, সন্ধ্যা নামতেই সবুজ মাঠের আলো ঝলমলে মঞ্চে শুরু হয় জমকালো আয়োজন। চৈত্রের শেষ সপ্তাহের আবহাওয়া স্বাভাবিকভাবেই কাঠফাটা রোদ্দুরে তপ্ত হয়ে থাকে। কিন্তু সেদিনের আবহাওয়া ছিলো সম্পূর্ণ অনুকূলে। মেঘলা আকাশে মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে গেলেও বৃষ্টি ছিলো না। তাই হাজারেরও বেশি দর্শক খোলা আকাশের নীচে বসে অনুষ্ঠান উপভোগ করলেও চৈত্রের গরম তাদের ক্লান্ত করতে পারেনি।
কাউন্টডাউনের মাধ্যমে ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় ‘ধনধান্যে পুুষ্পে ভরা, আমাদের বসুন্ধরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ সমবেত সঙ্গীতে আবেগঘন পরিবেশ সৃষ্টির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চে উঠে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, টিএমএসএস এর উপদেষ্টা ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ।
উম্মুক্ত প্রাঙ্গনে আয়োজিত এই মহাযজ্ঞের মঞ্চে আরও উপস্থিত ছিলেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব সানাউল আরেফিন, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদার বাবু, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, প্রখ্যাত টিভি উপস্থাপক জিল্লুর রহমান, নব্বই দশকের টিভি অভিনেত্রী আফসানা মিমি, প্রকল্প রাজু আলীম, টিএমএসএস’র পরিচালক আলী হায়দার, বগুড়া টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরফাতুর রহমান আপেল।
এই অনুষ্ঠানে বক্তারা এই আয়োজনের ধারাবাহিকতা ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অপসাংস্কৃতির বেড়াজাল থেকে মুক্ত হয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার জন্য দীর্ঘ কুড়ি বছর থেকে চ্যানেল আই এই আয়োজন করে আসছে। এই আয়োজনের মাধ্যমে দেশের গুণি শিল্পীদের স্বীকৃতিই শুধু দেওয়া হয় না, তৃণমূল পর্যায়ের শিল্পীদেরও খুঁজে বের করে তাদের সঠিক জায়গাটি দেওয়া হয়। বক্তারা আরও বলেন, ঢাকার বাইরে বগুড়ার মতো একটি ঐতিহাসিক স্থানে এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন বাংলাদেশের সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণে বড় ভূমিকা রাখবে।
এছাড়া অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক হাছানাত আলী, পুন্ড্র ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর ড. চিত্ত রঞ্জন মিশ্রসহ বগুড়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ীরা।
মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আজীবন সম্মাননা দেওয়া হয় প্রখ্যাত শিল্পী কনক চাঁপা ও মরমী শিল্পী কাঙালিনী সুফিয়াকে। এরপর একে একে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকসংগীত, ব্যান্ড, সরকার, গীতিকার, থেকে মিউজিক ভিডিওসহ সঙ্গীতের বিভিন্ন শাখায় শিল্পীরা স্বীকৃতি পান।
শিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি কিংবদন্তি শিল্পী রুনা, লায়লা, সাবিনা ইয়াসমিন, শওকত হায়াত খান, খুরশিদ আলম বর্তমান প্রজন্মের কোনাল, ইমরান, ঝিলিক, লিজা, মেহরিন মাহতিম শাকিব, সিঁথিসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন।
পুন্ড্রনগরের এই শহরের বেহুলা লক্ষিন্দরের জীবনী নিয়ে সংক্ষিপ্ত গীতিনাট্য বগুড়ারই সন্তান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদের বিশেষ নাচ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। এছাড়া ব্যান্ড সঙ্গীতের জনক আজম খানের বিলুপ্ত হয়ে যাওয়া ব্যান্ডদল ‘উচ্চারণ’কে চ্যানেল আই নতুন করে ফিরে আসছে। আজম খানের বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে সেটারও উদ্বোধন করা হলো বগুড়ার মাটিতে।
সব মিলিয়ে দুই দশকের এই আয়োজন মম ইনের লেকভিউ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে সুর আর তারার মেলায় এই অনুষ্ঠানটি সংগীত প্রেমীদের হৃদয়ে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164422