ঠাকুরগাঁও সদরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও কান্দরপাড়া এলাকায় বিথী রাণী (২৩) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিথী রাণী সদর উপজেলার আরাজী দক্ষিণ বটিনা গ্রামের মৃত হরে কৃষ্ণ রায়ের মেয়ে। প্রায় ছয় বছর আগে একই উপজেলার উত্তর ঠাকুরগাঁও কান্দরপাড়া গ্রামের তাপস চন্দ্র বর্মনের সাথে তার বিয়ে হয়েছিল। তাদের ঘরে একটি মেয়ে রয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিথী রাণীর স্বামী তাপস চন্দ্র বর্মন প্রতিদিনের মতো বাড়ির পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর বিথী বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন বলে স্বামীকে মুঠোফোনে জানানো হয়। খবর পেয়ে স্বামী দ্রুত বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁওয় জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বিথীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164413