বগুড়ায় বিএনপি সভাপতির বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার নেকাব পরা নারী ভোটারদের নিয়ে বক্তব্যের প্রতিবাদে নেকাব ও হিজাব পরা নারীরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ করেন।
জানা গেছে, আজ বুধবার (৮ এপ্রিল) সকালে জামায়াতের শহর কার্যালয়ে দলটির প্রার্থী আবিদুর রহমান সোহেল একটি সংবাদ সম্মেলন করেন। পরে দুপুরে বগুড়া প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন রেজাউল করিম বাদশা। সংবাদ সম্মেলনের বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘যারা নেকাব পরে ভোট কেন্দ্রে যাবেন, নেকাব খুলে এজেন্টদের মুখ দেখে ভোট দিতে পারবেন, নেকাব পরে কেউ ভোট দিতে পারবেন না।’
বাদশার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেকাবধারী নারীরা জেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ করেন। এসময় তারা জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে ভোট কেন্দ্রে নেকাব ও হিজাব পরা নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রেজাউল করিম বাদশার বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এসময় বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা জামায়াতের কেন্দ্রীয় নেত্রী সাজেদা সামাদ বলেন, ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা নেকাব নিয়ে যা বলেছেন তা পর্দানশীল নারীদের জন্য অবমাননাকর। তিনি পর্দানশীল নারীদের অপমান করেছেন। আমরা তার শাস্তির দাবি করছি এবং অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164409