খুলে দেওয়া হলো হরমুজ প্রণালি, জাহাজ চলাচল শুরু
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুই দেশের সম্মতির পর দুটি জাহাজ প্রণালি দিয়ে পার হয়েছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
জাহাজ চলাচল নজরদারি প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক বিষয়টি নিশ্চিত করেছে।
হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।
ইরান যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করেছে। তবে এখন থেকে ইরান সেখানে দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল নেবে বলে জানানো হয়েছে। হরমুজের প্রবেশদ্বারের দেশ ওমানও টোল আদায় করবে বলে তেহরান জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওমান জানায়, তারা হরমুজ দিয়ে চলা কোনো জাহাজ থেকে অর্থ আদায় করবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধের আগে হরমুজ আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো, ফলে সেখানে দিয়ে চলাচল করা জাহাজ থেকে কোনো দেশ অর্থ নিতো না। এখন থেকে ইরানকে টোল দিয়ে হরমুজ দিয়ে জাহাজ নিতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164390