রাতে মুখোমুখি বার্সা-অ্যাথলেটিকো ও লিভারপুল-পিএসজি

রাতে মুখোমুখি বার্সা-অ্যাথলেটিকো ও লিভারপুল-পিএসজি

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কথার লড়াইয়ে না গিয়ে মাঠের লড়াইয়েই মনোযোগ দিতে চান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। লা-লিগা ম্যাচে হারার পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের হুঙ্কার থাকলেও চ্যাম্পিয়নস লিগের এই কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে যথেষ্ট সমীহ করছে বার্সেলোনা। একই দিনে লিভারপুল মুখোমুখি হবে পিএসজির। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।

লা-লিগার ম্যাচের রেশ এখনও কাটেনি। আবারও অ্যাথলেটিকো মাদ্রিদর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। আগের জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে ফ্লিকের দল। মেত্রোপলিতানোতে ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে ‘দেখে নেয়ার’ হুঙ্কার দিলেও কথার লড়াইয়ে জড়াতে চান না বার্সা কোচ। তার মূল ফোকাস মাঠের পারফরম্যান্সে। অ্যাথলেটিকো মাদ্রিদর বিপক্ষে দুই লেগেই জয়ের লক্ষ্য তাদের।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, আমাদের মনোযোগ শুধুই মাঠের লড়াইয়ে। এর বাইরে কিছু ভাবতে চাই না। বার্সেলোনার নিজস্ব একটি খেলার ধরণ আছে, ছেলেরা সেই অনুযায়ী খেলবে। অ্যাথলেটিকো মাদ্রিদর বিপক্ষে দুই ম্যাচেই শুরু থেকে মনোযোগী থাকতে হবে। আপাতত সেমিফাইনালে ওঠাই আমাদের লক্ষ্য।

অন্যদিকে, প্রতিপক্ষ দলের কোচ দিয়েগো সিমিওনে বার্সেলোনাকে সমীহ করছেন। তবে, ন্যু ক্যাম্প থেকে জয় নিয়েই ফিরতে চান এই আর্জেন্টাইন কোচ। অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে বলেন, চ্যাম্পিয়নস লিগ সবসময়ই জটিল, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। আমরা জানি, নিজেদের মাঠে বার্সেলোনা কতটা শক্তিশালী এবং তারা খুব কম ম্যাচ হারে। তবে আমাদের বিশ্বাস, আমরা জিততে পারব।

বার্সা-অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের আগে আলোচনায় এসেছে আগের ম্যাচে লামিনে ইয়ামালের আচরণ। লা-লিগার ম্যাচে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এই স্প্যানিশ তরুণ তারকা। চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও সেই প্রসঙ্গ উঠে আসে। আবারও ইয়ামালের পাশে দাঁড়ান ফ্লিক। ফ্লিকের মতোই নিজের শিষ্যের প্রশংসা করেছেন সিমিওনে, তবে ভিন্ন কারণে। মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া অঁতোয়ান গ্রিজম্যানের এর প্রশংসা করেন তিনি। ফ্লিক আরও বলেন, আমাদের মনে রাখতে হবে ইয়ামালের বয়স মাত্র ১৮। সে একজন অসাধারণ ফুটবলার। আমি তাকে বলেছি, ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। আমি তাকে রক্ষা করব।

সিমিওনে বলেন, বর্তমান প্রজন্মের যেকোনো শিশুর জন্য গ্রিজম্যান একজন স্মরণীয় ফুটবলার। সে দলের সবার সঙ্গে দারুণ সম্পর্ক বজায় রেখেছে। তার আচরণে আমি মুগ্ধ। দলকে সে যা দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রতি আমার ভালোবাসা রইল।

একই দিনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। এফএ কাপে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অলরেডস। পিএসজিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে দলটির কোচ লুইস এনরিকে নিজেদের ফেভারিট মানতে নারাজ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164320