নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

নরসিংদীর সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডিজিটাল পাঠদানের সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মেহেরপাড়া ইউনিয়নের ‘ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।

সাবিকুন্নাহার জানান, তার স্কুলে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিশুদের পাঠদান করে আসছে। সরকারি এ বিদ্যালয়ে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করা হতো। পাশাপাশি ক্লাসরুম ও প্রধান শিক্ষকের কক্ষে সিলিং ফ্যান ও টেবিল ফ্যান ছিল।

আজ বুধবার (৮ এপ্রিল)নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান চুরির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, চোরেরা স্কুলের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা ও ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টা চুরি করে। প্রতিষ্ঠানের জরুরি কাগজপত্রও তছনছ করে রেখে গেছে তারা।

বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল। তবে চোরচক্র চুরির পাশাপাশি সেগুলোও খুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন সাবিকুন্নাহার।

এ চুরির ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে  শিক্ষিকা বলেন, এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় বিদ‍্যালয় কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রটিকে ধরতে পুলিশ কাজ করছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164298