ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিস্ময়কর হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে সাইবার হামলা শুরু করে ইরান বলে জানিয়েছে দ্য মিরর।
হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হ্যাকাররা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শিল্পব্যবস্থার ইন্টারনেট-সংযুক্ত সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করছে। তারা প্রোগ্রামেবল কন্ট্রোলারসহ এমন ডিভাইস ব্যবহার করছে, যা বিদ্যুৎ, কারখানা ও জরুরি পরিষেবা পরিচালনায় ব্যবহৃত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এক মাসের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শর্ত না মানলে “এক রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে”, যা পরমাণু হামলার আশঙ্কা বাড়িয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইরান শর্ত না মানলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা একমাত্র প্রেসিডেন্টই জানেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল, যেখানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। পেন্টাগন তখন ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে।
১২ দিনের সংঘাত শেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও দুই পক্ষের অবিশ্বাস থেকেই যায়, যা বর্তমান সংকটকে আরও গভীর করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164268