তামিমের এডহক কমিটি অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

তামিমের এডহক কমিটি অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নবগঠিত এডহক কমিটিকে অবৈধ দাবি করেছেন সংগঠনটির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে এসব কথা জানান তিনি। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বর্তমান কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে এডহক কমিটি গঠন করে এনএসসি। 
তবে এনএসসি কর্তৃক সেই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো ধরনের দুর্নীতি বা কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 
 
বিবৃতিতে বুলবুল বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সিআইডির অতিরিক্ত আইজিপির সমন্বয়ে গঠিত তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেছিল। তামিম ইকবালের কাউন্সিলরশিপ এবং ১৫টি ক্লাবের আপত্তি-সংক্রান্ত সব বিষয় সংবিধান অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছিল।
 
বিবৃতিতে তিনি আরও বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার আইনি অধিকার এনএসসির নেই। এটি আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।
তামিম ইকবালের নেতৃত্বে গঠিত কথিত এডহক কমিটিকে তিনি সাংবিধানিক ক্যু হিসেবে অভিহিত করেছেন। সরকারের এই পদক্ষেপকে বাংলাদেশের ক্রিকেটের জন্য কালো অধ্যায় হিসেবে বর্ণনা করে তিনি আইসিসির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
 
বুলবুল সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের অস্থিতিশীলতা অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে জাতীয় দলের উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের আঘাত হানবে। দেশের জিডিপি প্রবৃদ্ধি এবং শিল্প উৎপাদন হ্রাসের এই কঠিন সময়ে ক্রিকেটে এমন রাজনৈতিক হস্তক্ষেপ তরুণ প্রজন্মের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে।
 
বিবৃতি শেষে আমিনুল ইসলাম বুলবুল নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করে বলেন, উচ্চ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনিই দায়িত্বে বহাল থাকবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164262