চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা ৭টায় ১৬, বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) রোকনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৯/৭১ আর এর প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়া ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
আটককৃতরা হলো- যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোসা: মাছুরা খাতুন(৪৮) ও কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটামিনা গ্রামের মালু মিয়ার মেয়ে মোসা: লাকী আক্তার(২৪)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম জানান, বিজিবি রাতে গোমস্তাপুর থানা পুলিশের কাছে দুইজন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। আমরা তাদের পরিবারকে খবর দিয়েছি। পরিচয় যাচাই বাছাই শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164241