উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
করতোয়া ডেস্ক : ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’- প্রতিপাদ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলাগুলোতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো আরও খবর....
জয়পুরহাট: সকালে জয়পুরহাট সিভিল সার্জন অফিস চত্বরে এক র্যালি অনুষ্ঠিত হয়। শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক ও আপসের সহযোগিতায় সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সিভিল সার্জন ডা. মো. আল মামুন।
এসময় বক্তব্য রাখেন- জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো: শহিদ হোসেন, জুনিয়র কনসালটেন্ট (পিডিয়াট্রিক্স) ও জয়পুরহাট জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. সামসুজ্জোহা, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চৈতি রায় প্রমুখ।
নওগাঁ: নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন।
এসময় বক্তব্য রাখেন নওগাঁ বিএমএ’র সভাপতি প্রফেসার ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান প্রমুখ।
পঞ্চগড়: পঞ্চগড়ে এ উপলক্ষে সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়ক প্রদক্ষিণ করে আবারও সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস প্রমুখ।
দিনাজপুর: দিনাজপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো: আসিফ ফেরদৌস। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চত্বরে শেষ হয়।
শেষে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্সরুমে আলোচনা সভায় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের অংশগ্রহণে সভাপতির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো: রেজাইল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা: সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুপুরে চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গুড নেইবার্স বাংলাদেশ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লাকী আক্তার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গফুর, কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ, স্বাস্থ্য কর্মকর্তা মনিরা আক্তার। এতে পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা স্বাস্থ্যের জন্য একজোট বিজ্ঞানের পাশে দাঁড়ান শীর্ষক দলীয় উপস্থাপনা প্রতিযোগিতায় অংশ নেয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164225