ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, ক্লিনিকের দালাল আটক

ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, ক্লিনিকের দালাল আটক

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ নামে এক বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিকে (দালাল) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযুক্ত আরিফ ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা আরিফকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সরকারি হাসপাতালের ভেতর এমন সুরক্ষিত স্থানে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ ও কর্মরতদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164171