সাবেক স্পিকার শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক স্পিকার শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আদালত এ আদেশ দেন। শুনানির সময় এজলাসে হট্টগোল সৃষ্টি করেন শিরীন শারমিনের পক্ষের আইনজীবীরা।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রিমান্ড আবেদনে তিনি গুলি করেছেন বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সেখানে তাকে হাজতখানায় রাখা হয়। পরে রিমান্ড ও জামিন শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন। এরপর টানা এ দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালে সরকারের পতনের পর পদত্যাগ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164170