সোনালি আঁশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলা

সোনালি আঁশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলা

পাট বাংলাদেশের অর্থনীতিতে এক অনন্য সম্পদ। এটি শুধু একটি কৃষিজাত পণ্য নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়েরও অংশ। একসময় পাটকে “সোনালি আঁশ” বলা হতো, কারণ এটি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস ছিল। কিন্তু বাংলাদেশের পাটের সামগ্রিক ব্যবস্থাপনার অদক্ষতা, নীতির অস্পষ্টতা এবং বৈশ্বিক বাজারে নেতৃত্বের অভাবে এই শিল্পটি সম্ভাবনার মহাসাগরের তীরে দাঁড়িয়েও এক বিষন্ন নীরবতায় নিমজ্জিত। বাংলাদেশের অর্থনীতি যখন বৈশ্বিক প্রতিযোগিতার ভারে নতজানু, পরিবেশ যখন জলবায়ু পরিবর্তনের অগ্নিঝড়ে জর্জরিত, তখন এক অনবদ্য হাতিয়ার হয়ে উঠতে পারে আমাদেরই পাট ও পাট জাত শিল্প। এটি টেকসই উন্নয়নের ভিত্তিমূল এবং অর্থনীতির নবজাগরণের সোনালি সিঁড়ি। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে পাট শিল্পকে পুনর্জীবিত করলে, এটি শুধু অর্থনৈতিক মুক্তিই এনে দেবে না বরং পরিবেশ রক্ষার এক দুর্ধর্ষ হাতিয়ার হয়ে উঠবে। কেননা কার্বন নিঃসরণের এই যুগে পাট উদ্ভিদ পরিবেশে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে, যা গ্লোবাল ওয়ার্মিং রোধে সহায়ক। এক হেক্টর পাটচাষ বছরে ১৫ টন পর্যন্ত কার্বন শোষণ করতে সক্ষম। এটি জলবায়ু পরিবর্তন রোধে পাটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করে। পরিবেশ দূষণের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন এবং প্লাস্টিক বর্জনের ডাক সোনালি আঁশের গুরুত্ব নতুনভাবে সামনে নিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং চীনসহ বহু দেশ পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, ফাইবার, এবং কম্পোজিট সামগ্রীর চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বব্যাপী ইকো-ফ্রেন্ডলি ফ্যাশন এবং বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট-এর বাজার ২০২৪ সালে প্রায় ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এটি দ্বিগুণ হবে। এমন পরিস্থিতিতে, পাটের পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য বৈশিষ্ট্যকে সামনে রেখে পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা আবারও উজ্জ্বল হয়ে উঠেছে। এই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পাটের মাধ্যমে একদিন বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে। শুধু বৈদেশিক মুদ্রার অর্জনই নয় পাট চাষের পুনরুজ্জীবন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এই খাতে কাজের সুযোগ সৃষ্টি হবে, যা দেশে বেকারত্ব কমাতে সাহায্য করবে। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং বিশেষ করে গ্রামীণ জনগণের জীবনমান উন্নত হবে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পাটের উৎপাদন প্রক্রিয়ায় এখনো প্রচলিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ বেশি এবং মান নিয়ন্ত্রণ দুর্বল। ‘বায়োটেকনোলজি’ ও ‘জিন এডিটিং’-এর মাধ্যমে উচ্চ ফলনশীল ও রোগপ্রতিরোধী পাটের জাত উদ্ভাবন করা দরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পাট গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হলে নতুন নতুন প্রযুক্তি এবং পণ্য উদ্ভাবন করা সম্ভব হবে। পাটের বহুমুখী ব্যবহারে জোর দিতে হবে। জুট পলিমার, ন্যানোফাইবার, কম্পোজিট বোর্ড, জুট জিওটেক্সটাইল এই প্রযুক্তিগুলোর উদ্ভাবন ও বাণিজ্যিক উৎপাদন এখন সময়ের দাবি। সরকারকে অবিলম্বে একটি স্বাধীন “ন্যাশনাল জুট ইনোভেশন সেন্টার” গঠন করতে হবে, যেখান থেকে আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ থাকবে এবং নতুন প্রযুক্তি বিশ্ববাজারে রপ্তানি উপযোগী করা সম্ভব হবে।কৃষকদের জন্য লাভজনক মূল্য নিশ্চিতকরণের দিকে গভীর দৃষ্টিপাত করতে হবে। কেননা পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হলে তাদের জন্য লাভজনক মূল্য নিশ্চিত করার বিকল্প নেই। পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বৈশ্বিক বিপণন কৌশলে উন্নতি আনতে হবে। বাংলাদেশের পাটপণ্য এখনো আন্তর্জাতিক বাজারে যথাযথ ব্র্যান্ডিং পায়নি। পাটশিল্পকে ইকো-ব্র্যান্ডিং এবং সাসটেইনেবল ফ্যাশন ব্র্যান্ডের অংশ হিসেবে তুলে ধরতে হবে। বৈশ্বিক ফ্যাশন হাউজ এবং গ্রিন ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তুলতে হবে। মেড ইন বাংলাদেশ পাটপণ্যের মানচিত্রকে নতুনভাবে আঁকতে হবে, যেখানে আমাদের পণ্য পরিবেশবান্ধব এবং নান্দনিক এই বার্তা পৌঁছাবে। পাট শিল্পকে বিশ্বব্যাপী পরিচিত করতে পাটশিল্পের ডিজিটাল রূপান্তরও অত্যন্ত জরুরি। কেননা বৈশ্বিক বাজার এখন ডিজিটাল। পাটশিল্পকে ব্লকচেইন টেকনোলজি এবং ই-কমার্স প্ল্যাটফর্ম-এর সঙ্গে সংযুক্ত করতে হবে। পাটের প্রতিটি পর্যায়ে প্রযুক্তি সংযুক্ত করে ডিজিটাল জুট ভ্যালু চেইন গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতারা সরাসরি পাটপণ্যের উৎস, মান, এবং মূল্য সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, যা আমাদের বিশ্ববাজারে বিশ্বাসযোগ্যতা বাড়াবে। পাট শিল্পকে বৈদেশিক মানে উন্নীত করতে বৈদেশিক নীতির পুনর্গঠন প্রয়োজন। বাংলাদেশকে বিলিয়ন-ডলার পাট রফতানি কৌশল গঠন করতে হবে, যেখানে বিশেষজ্ঞ কূটনীতিকদের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে পাটপণ্যের প্রচার চালাতে হবে ও ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট -এর মাধ্যমে পাটপণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাটজাত পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধি করতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সাথে সাথে রপ্তানি প্রক্রিয়ার জটিলতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘ রপ্তানি প্রক্রিয়া এবং সরকারি সংস্থাগুলোর অদক্ষতা পাটজাত পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করছে। বিশেষত, কাস্টমস জটিলতা ও অপ্রতুল বন্দর সুবিধা আন্তর্জাতিক ক্রেতাদের নিরুৎসাহিত করছে। তাই এ সমস্ত দুর্বলতাকে কাটিয়ে উঠে রপ্তানি বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পাটশিল্পে বৈদেশিক বিনিয়োগ টানতে হলে ‘জুট স্টার্টআপ ফান্ড’ গঠন করা জরুরি, যেখানে উদ্ভাবনী পাটজাত পণ্য তৈরি করা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা থাকবে। ‘ইকো-ফ্রেন্ডলি ব্র্যান্ডিং’-এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের এই খাতে আগ্রহী করা যেতে পারে। বাংলাদেশের পাটশিল্প আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে সম্ভাবনার দিগন্ত, পেছনে ইতিহাসের ভার। পাট কেবল একটি কৃষিপণ্য নয়, এটি একটি অর্থনৈতিক বিপ্লবের বাহক। যথাযথ গবেষণা, উদ্ভাবন, ও নীতিগত শক্তিশালী পদক্ষেপই পারে এই সোনালি আঁশকে সোনার খনিতে রূপান্তরিত করতে। বাংলাদেশ যদি পাটশিল্পকে যুগোপযোগী ও বৈশ্বিক পরিসরে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, তবে শুধু অর্থনীতি নয় পরিবেশবান্ধব বিপ্লবের ধারক ও বাহক হিসেবেও বিশ্ববাসীর সামনে উদ্ভাসিত হবে। সোনালি আঁশের পুনর্জাগরণই পারে বাংলাদেশকে নতুন এক বৈশ্বিক শক্তিতে পরিণত করতে যেখানে ঐতিহ্য ও ভবিষ্যত একসূত্রে বাঁধা থাকবে এবং বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। 

 

লেখক :

প্রজ্ঞা দাস

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ 
ইডেন মহিলা কলেজ 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164149