ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৯ মাস। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। গত ২৮ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৬ এপ্রিল বিকেলে সে মারা যায়। 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ জন শিশু।

তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২৭৬ জন শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের হার খুব বেশি নয়। তবে আক্রান্ত শিশুদের প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে, যা বিশেষ উদ্বেগজনক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164142