যুদ্ধবিরতিতে না যেতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

যুদ্ধবিরতিতে না যেতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুদ্ধবিরতি প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানে ভিন্নতা সামনে এসছে। সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে শর্তসাপেক্ষে সমঝোতার সম্ভাবনার কথা বলছেন, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই যুদ্ধবিরতির বিপক্ষে। এতে করে ইরানের সঙ্গে এই সংঘাতের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নিয়ে দুই মিত্র দেশের মধ্যেই মতপার্থক্যের ইঙ্গিত মিলছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথে না যেতে আহ্বান জানিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত রোববার দুই নেতার মধ্যে ফোনালাপে নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, নেতানিয়াহু ট্রাম্পকে সতর্ক করে বলেন-এ ধরনের কোনো সমঝোতা কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। তবে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, ইরান যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নিলে যুদ্ধবিরতি সম্ভব। ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটনের শর্তগুলোর মধ্যে রয়েছে- ইরানকে তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এবং ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু না করার প্রতিশ্রুতি দিতে হবে।

এদিকে নেতানিয়াহু সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, তিনি রোববার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি ইরানের নিখোঁজ হওয়া মার্কিন বিমানবাহিনীর সদস্যকে উদ্ধারের ঘটনাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ হিসেবে উল্লেখ করে ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে ট্রাম্পও এই অভিযানে ইসরায়েলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ট্রাম্প ইসরায়েলকে ‘অটল, দৃঢ়প্রতিজ্ঞ ও শক্তিশালী মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন এবং দুই দেশ একসঙ্গে ‘ইরানের সন্ত্রাসী শাসনকে চূর্ণ করছে’ বলেও মন্তব্য করেছেন।

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164140