হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ২৬ ব্যবহারকারী
রংপুর প্রতিনিধি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন ২৬ জন ব্যবহারকারী। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রংপুর জেলা পুলিশ।
আজ সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আগে গত রোববার জেলা পুলিশের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয় এবং পরবর্তীতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়। এ কাজে জেলা পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া শাখা সমন্বিতভাবে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। যাচাই-বাছাই শেষে যথাযথ কাগজপত্রের ভিত্তিতে মোবাইলগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া প্রিয় ডিভাইস ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা।
পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164034