মুরাদনগরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গতকাল রবিবার (৫ এপ্রিল) রাতে মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামে ও বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হিরারকান্দা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. আল আমিন এবং রোয়াচালা গ্রামের মৃত মোক্তল এর ছেলে মো. সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, হিরারকান্দা ও রোয়াচালা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই রাজু বড়–য়া সঙ্গীয় ফোর্সসহ হিরারকান্দা গ্রাম থেকে মো. আল আমিনকে এবং বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ রোয়াচালা গ্রাম থেকে মো. সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করে।
এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে মো. আল আমিনের নিকট থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার টাকা এবং মো. সাগর হোসেন ও তার স্ত্রী আমেনা বেগমের নিকট থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫শত টাকা উদ্ধার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার (৬ এপ্রিল) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা আরো জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।