জানুন আম-ডাল রান্নার সঠিক নিয়ম
লাইফস্টাইল ডেস্ক : গরমের দিনে ভাতের সঙ্গে টক স্বাদের আম-ডাল অনেকেরই প্রিয় একটি পদ। তবে অনেক সময় দেখা যায় - ডাল ঠিকমতো সেদ্ধ হতে চায় না বা শক্ত থেকেই যায়। এতে পুরো রান্নার স্বাদই যেন আর পূর্ণতা পায় না।
তবে জানেন কি? এর পেছনে থাকে একটি সাধারণ ভুল - রান্নার শুরুতেই ডালে কাঁচা আম দিয়ে দেওয়া। টক উপাদান আগে দিলে ডাল শক্ত হয়ে যেতে পারে এবং সেদ্ধ হতে সময় বেশি লাগে। তাই সঠিক সময়ে আম যোগ করাই এই রান্নার মূল কৌশল।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন সুস্বাদু আম-ডাল।
১. মসুর ডাল ১ কাপ
২. কাঁচা আম ১টি টুকরা করা
৩. পিঁয়াজ কুচি ১টি
৪. কাঁচামরিচ ২-৩টি
৫. হলুদ গুঁড়া আধা চা চামচ
৬. লবণ স্বাদমতো
৭. তেল ২ টেবিল চামচ
৮. শুকনা মরিচ ২টি
৯. সরিষা বা পাঁচফোড়ন আধা চা চামচ
১০. পানি প্রয়োজনমতো
১১. রসুন কুচি ২-৩ কোয়া
প্রস্তুত প্রণালি
প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে পানি ও হলুদ দিয়ে সেদ্ধ করতে দিন। ডাল প্রায় সিদ্ধ হয়ে নরম হয়ে এলে তাতে কাঁচা আমের টুকরা যোগ করুন। এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ - ডাল আগে সেদ্ধ না করে আম দিলে ডাল শক্ত থেকে যেতে পারে।
অন্যদিকে কড়াইতে তেল গরম করে পিঁয়াজ-রসুন কুচি ভেজে নিন। এরপর শুকনা মরিচ ও সরিষা বা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন। ফোড়নটি সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিন।
এরপর লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, যাতে আম নরম হয়ে টক স্বাদ ডালে মিশে যায়। হয়ে গেলে নামিয়ে নিন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163991