নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আজ সোমবার (৬ এপ্রিল) ভোররাতে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্য এমরান মিয়া পিরোজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমরান মিয়া খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাইয়ে তার শ্বশুরবাড়ি (তারাটিয়া গ্রাম) যাচ্ছিলেন। অথচ ট্রেনটির স্টপেজ আত্রাই ছিল না। সোমবার (৬ এপ্রিল) ভোররাতে ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর গতি কিছুটা কমলে, তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এসময় ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং চলন্ত ট্রেনের চাকায় তার দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি দুর্ঘটনা। পুলিশ সদস্য এমরান মিয়া ছুটিতে তার শ্বশুরবাড়ি আসছিলেন। ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় গতি কিছুটা কমলে তিনি তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163966