ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি

ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি

দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ঢাকা সফরে এসেছেন বাংলাদেশের জন্য নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ও যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি ব্যারনেস উইন্টারটন। রবিবার (৫ এপ্রিল) ঢাকায় পৌঁছান তিনি। সোমবার (৬ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার গঠনের পর এক গুরুত্বপূর্ণ সময়ে তার তৃতীয় বাংলাদেশ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা গভীর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের অঙ্গীকারকে তুলে ধরে। সফরকালে, ব্যারোনেস উইন্টারটন পারস্পরিক লাভজনক প্রবৃদ্ধির জন্য অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করতে এবং বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদার হিসেবে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে ঊর্ধ্বতন মন্ত্রী এবং অন্যান্য সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপায় অন্বেষণ করতে বাংলাদেশে কর্মরত যুক্তরাজ্যের কোম্পানিগুলোর প্রতিনিধিসহ বিভিন্ন ব্যবসায়িক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন ব্যারনেস উইন্টারটন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশ বাণিজ্য প্রকল্প (ডিসিটিএস) ব্যবহার করে যুক্তরাজ্যে রফতানিকারী বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন।

বাণিজ্যদূত ব্যারোনেস উইন্টারটন বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও ঐতিহাসিক অংশীদারত্ব রয়েছে এবং আমাদের দেশ দুটি সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক থেকে ক্রমাগত লাভবান হচ্ছে। উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি সহায়ক নতুন সুযোগ চিহ্নিত করার লক্ষ্যে আমি সরকারি নেতা, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে আগ্রহী।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163956