ফটিকছড়িতে সালিস বৈঠকে চোর সন্দেহে দুই ভাইকে পিটুনি, একজনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে সালিস বৈঠকে দুই ভাইকে পিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবছার। আহত ব্যক্তি হলেন তাঁর ভাই মোহাম্মদ রাসেল। তাঁরা ওই গ্রামের নবীউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, টিউবওয়েল চুরির অভিযোগে গতকাল বিকেল ৫টার দিকে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রামে সালিস বৈঠক বসানো হয়। বৈকের সময় স্থানীয় কয়েকজন লাঠিসোঁটা ব্যবহার করে তাদের মারধর শুরু করেন। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ আবছারকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানতে চাইলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে বলেন, নিহত ও আহত দুজন ভাই। তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে সালিস বৈঠক বসান গ্রামের কিছু লোক। এ সময় এক পক্ষ লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে পিটুনি দেয়। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।