বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, সাড়া দেননি আসিফ মাহমুদ
স্পোর্টস ডেস্ক : বিসিবি’র সবশেষ নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল নানান গুঞ্জন। উঠেছিল অনিয়মের অভিযোগ। এই অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করে তফন্ত কমিটি। বলা হয়েছিল, ১৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। এর আগেই আজ রোববার (৫ এপ্রিল) প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বিসিবি নির্বাচনে সংশ্লিষ্ট বেশিরভাগই তদন্ত কমিটির মুখোমুখি হন। তবে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তদন্ত কমিটির সদস্যরা বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তাদের। তবে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, তিনি আসেননি।’
তিনি আরও বলেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং উনার বক্তব্য শোনার জন্য এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।’
গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এনএসসি। মূলত নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না-তা খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও, নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163824