শিরোপা দৌড়ে ব্যবধান বাড়ালো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা ধরে রাখার প্রচেষ্টায় আরও এক ধাপ এগোলো বার্সেলোনা। ১০ জনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কাতালানরা। এই ম্যাচে বদলি নেমে জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি। অন্য গোলটি আসে মার্কাস রাশফোর্ডের পা থেকে। একই দিনে রিয়াল মাদ্রিদ মায়োর্কার কাছে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা তাদের ব্যবধান ৭ পয়েন্টে বাড়িয়েছে।
দুই দলই শুরু থেকে বেশ কয়েকবার আক্রমণ সাজায় কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো নয়া কেউই। অ্যাটলেটিকোর হয়ে আঁতোয়ান গ্রিজম্যান দুটো সুযোগকে গোলে পরিণত করতে ব্যর্থ হন। অন্যদিকে ফেরমিন লোপেজ সহজ সুযোগ পেয়েও পরাস্ত হন প্রতিপক্ষের গোলকিপার হুয়ান মুসোর কাছে। পরবর্তীতে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে পাওয়া সুযোগও কাজে লাগাতে পারেননি। পোস্টে লেগে ফিরে আসে ইয়ামালের একটি শট। বিরতির ৬ মিনিট আগে পিছিয়ে পড়ে বার্সেলোনা। লম্বা পাস পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গোল করেন জুলিয়ানো সিমিওনে। বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বার্সাকেও। বাম দিক দিয়ে দানি অলমোর সঙ্গে দারুণ সমন্বয়ে রাশফোর্ড নিচু শটে সমতা ফেরান।
প্রথমার্ধের যোগ করা সময়ে নাটকীয়তা আরও বাড়ে, যখন নিকো গঞ্জালেস ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন। ফলে ১০ জনে পরিণত হয় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সার জেরার্ড মার্টিন লাল কার্ড দেখলেও ভিডিও সহকারী রেফারি (ভিএআর) তা বাতিল করে। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে দাপট দেখায় বার্সেলোনা। বদলি খেলোয়াড় ফেরান তোরেস দুবার গোলের সুযোগ পেলেও দুর্দান্ত সেভ করেন মুসো। শেষ পর্যন্ত অ্যাটলেটিকোর রক্ষণ ভাঙে জোয়াও ক্যানসেলোর শট ঠেকাতে গিয়ে বল রিবাউন্ড হয়ে লেভানদোভস্কির শরীরে লেগে জালে ঢুকে যায়, যা নিশ্চিত করে বার্সার গুরুত্বপূর্ণ জয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163808