যেভাবে ইরান থেকে নিখোঁজ ক্রুকে বের করে আনল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করে নিরাপদে ইরানি ভূখণ্ডের বাইরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে পরিচালিত এই অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাটকীয়। ২৪ ঘণ্টা নজরদারি চালানোর পর মার্কিন বিশেষ বাহিনীর শত শত সদস্যের অংশগ্রহণে চালানো এই অভিযানে তীব্র গোলাগুলির মধ্যেই তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
উদ্ধার অভিযানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমানও অংশগ্রহণ করে। এমনকি মার্কিন ওই ক্রু সদস্যকে উদ্ধারের পরিকল্পনাও করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। আর এর মাধ্যমেই ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান শেষ পর্যন্ত সফল করে যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনার বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইরানে নিখোঁজ মার্কিন এয়ারম্যানকে উদ্ধারে পরিচালিত অভিযানে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযান ইউনিটের শত শত সদস্য অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই ক্রকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ওই ক্রু সদস্য দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। অন্য এক ক্রু সদস্যকে আগেই উদ্ধার করা হয়েছিল, আর এই ব্যক্তি ইরানেই লুকিয়ে ছিলে বলে ধারণা করা হয়। মার্কিন বাহিনী তার অবস্থান নজরদারিতে রেখে ইরানের ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে এবং পরে দেশটির বাইরে নিরাপদে নিয়ে যেতে সক্ষম হয়। আল জাজিরা বলছে, এই অভিযানটি ছিল অত্যন্ত নাটকীয়। সাধারণত এ ধরনের অভিযান রাতের অন্ধকারে শুরু হয়-এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। তবে শেষ হয় দিনের আলোয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। নিখোঁজ ক্রু সদস্যের কাছে পৌঁছানোর সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। আর এই গোলাগুলির মধ্যেই তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
এদিকে এই উদ্ধার অভিযানের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে রাতে দেহদাশত শহরে সংঘর্ষ এবং কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। সেই সময় অন্তত চারজন নিহত হওয়ার তথ্য সামনে এসেছে। তবে পরবর্তী প্রতিবেদনে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ইরান এই অভিযানের বিস্তারিত সম্পর্কে কতটা অবগত তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে আল জাজিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163805