পঞ্চগড়ের আটোয়ারীতে নির্ধারিত মূল্যের বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে নির্ধারিত মূল্যের বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ টাকা মূল্যের ডিজেল ১২০টাকায় বিক্রির প্রমাণ পাওয়ায় রিপন এন্টারপ্রাইজের ম্যানেজার মামুনকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

একই ধরণের অপরাধে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এ সময় মজুতকৃত কিছু ডিজেল জব্দ করা হয়েছে বলেও জানা যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163759