নতুন গান ও স্টেজ শো’র জন্য দেশে প্রতীক

নতুন গান ও স্টেজ শো’র জন্য দেশে প্রতীক

অভি মঈনুদ্দীন ঃ ‘এই যে বিয়াইনসাব ভাব নিয়েন না’খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান তার স্ত্রী ও একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে দুদিন আগ হঠাৎ করেই সুদূর আমেরিকা থেকে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে তিনি যথারীতি রাজধানীর আফতাবনগরে তার নিজ বাসভবনেই উঠেছেন।

হঠাৎ করেই ঢাকায় আসার বিষয়টি শুধু তার মা ও তার ছোট ভাই এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান জানতেন। তবে প্রতীক হাসান জানান, হঠাৎ করে দেশে এলেও তিনি কিছু পরিকল্পনা নিয়েই দেশে এসেছেন।

প্রথমত তিনি আগামী ঈদ উল আযহা পরিবারের সঙ্গে দেশেই উদযাপন করার পরিকল্পনা নিয়ে প্রায় দুই মাসের জন্য ঢাকায় এসেছেন।

দ্বিতীয়ত হলো প্রতীক হাসান নতুন তিনটি গানের কাজ শেষ করার জন্য দেশে এসেছেন।

তৃতীয়ত বেশ কয়েকটি স্টেজ শো’তে অংশগ্রহন করবেন তিনি। সব কাজ শেষে আগামী ঈদের তৃতীয় দিন প্রতীক হাসান আবার যথারীতি আমেরিকা চলে যাবেন।

এরইমধ্যে আগামী ১৮ এপ্রিল প্রতীক হাসান ও তার ছোট ভাই প্রীতম হাসান রংপুরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন।

প্রতীক হাসান বলেন,‘ মা মাটির টানেই মূলত হঠাৎ করেই কাউকে তেমনি কিছু না জানিয়ে দেশে আসা। তবে পরিকল্পনা আছে তিনটি গানের কাজ শেষ করা এবং দ্রুতই তা প্রকাশ করার। তিনটি গানেরই কথা আমার এবং প্রীতমের লেখা। সুর সঙ্গীত আমার। গানগুলোর মিউজিক ভিডিওর পরিকল্পনার প্রাথমিক কাজ শেষ। দু’তিনদিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা মিউজিক ভিডিওর কাজ শুরু করবো। তবে অনেকদিন ধরে যেহেতু মেলোডি গান করিনা, তাই এবার মেলোডি গান করছি। আমি একটু হালের উল্টোপথেই হাঁটি সবসময়। একটা স্যাড রোমান্টিক, একটা পুরোপুরি রোমান্টিক এবং আরেকটা এই সময়ের ট্রেণ্ডি গান। সত্যি বলতে কী দেশে আসার সাথে সাথেই আসলে গানের ভুবনে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো, সবাই এতো খুশী আমাকে পেয়ে। আসলে বন্ধু বান্ধবদের এই সঙ্গটা, এই আড্ডাটা ভীষণ মিসকরি। এই ভালোবাসার কোনো তুলনা হয়না।’

প্রতীক হাসানের প্রথম প্রকাশিত হিট গান ‘মনের পোষা অচিন পাখি’। প্রতীক হাসানের প্রকাশিত একক অ্যালবামগুলো হচ্ছে ‘ভালোবাসা চাই’,‘ মনের মানুষ’,‘ তুমি নেই কিছু নেই’,‘ ভালোবাসি বেসে যাবো’,‘ প্রজাপতি চোখ’,‘ দূরে না কাছে’,‘ দিলি না দেখা’, ‘প্রেম মাদল’। প্রথম প্রতীক প্লে-ব্যাক করেন বুলবুল জিলানীর ‘নীল আঁছর’ সিনেমায়। তবে গান প্রকাশ্যে প্রথম আসে হাছিবুল ইসলাম মিজানের ‘জন্ম’ সিনেমার ‘সুখ তুই আয় একবার জীবনে আয়’।

উল্লেখ্য, প্রতীক হাসান ও প্রীতম হাসান এই দেশের প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163753